প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬
আমিরাতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বৈঠক: ভিসা, বিনিয়োগ ও ‘সেপা’ চুক্তি দ্রুত সম্পন্নের ওপর গুরুত্বারোপ
মোহাম্মদ আরমান হোসেন , আমিরাত প্রতিনিধি ||
আবুধাবি, ২৫ নভেম্বর ২০২৬: বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে ভিসা জটিলতা নিরসন, বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ এবং দ্বিপাক্ষিক চুক্তিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যকার প্রস্তাবিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা ‘কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট’ (CEPA) দ্রুত সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে বাংলাদেশ।গত ২৩ নভেম্বর (সোমবার) আবুধাবিতে আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এই দ্বিপাক্ষিক বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান। আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতাবৈঠকের শুরুতে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ও কর্মরত ১০ লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসীর প্রতি দেশটির সরকারের অব্যাহত সহযোগিতা, আতিথেয়তা এবং সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।ভিসা, বিনিয়োগ ও ‘সেপা’ (CEPA) চুক্তিদুই দেশের মধ্যকার ভিসা সংক্রান্ত বিষয়, বাণিজ্য, অমীমাংসিত বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তি এবং নতুন বিনিয়োগের সম্ভাব্য প্রস্তাব নিয়ে বৈঠকে বিস্তারিত মতবিনিময় হয়। বিশেষ করে, বাংলাদেশ ও আমিরাতের মধ্যে প্রস্তাবিত কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (CEPA)-এর আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে জোর দেওয়া হয়। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, চুক্তিটি অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সম্পন্ন করতে চায় ঢাকা এবং আগামী ডিসেম্বর (২০২৬) মাসেই ঢাকায় এই চুক্তির চূড়ান্ত পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হতে পারে বলে আশা করা হচ্ছে।জ্বালানি, পর্যটন ও প্রযুক্তি খাতে সহযোগিতাবৈঠকে বাংলাদেশে রিয়েল এস্টেট ব্যবসা ও পর্যটন খাতের ব্যাপক সম্ভাবনার কথা তুলে ধরা হয়। এছাড়া দ্বিপাক্ষিক জ্বালানি সহযোগিতা বৃদ্ধি, বর্তমান আঞ্চলিক পরিস্থিতিতে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ক্রমবর্ধমান প্রভাব ও সম্ভাবনা নিয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করেন।আঞ্চলিক স্থিতিশীলতায় সংহতিবর্তমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতি প্রকাশ করেন ড. খলিলুর রহমান। তিনি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সংলাপ, উত্তেজনা প্রশমন এবং আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।বৈঠকে আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম বিনতে ইব্রাহিম আল হাশিমি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাঈদ বিন মুবারক আল হাজেরি এবং সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে