প্রিন্ট এর তারিখ : ২৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা, ১০ আগস্ট প্রকাশ
মোহাম্মদ শফিউল আলম, নির্বাহী পরিচালক ||
ঢাকা: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ১০ আগস্ট সারা দেশে একযোগে এই ফলাফল প্রকাশ করা হবে।আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, "এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১০ আগস্ট ফলাফল প্রকাশ করা হবে।"এদিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফলাফল আগামী ১০ আগস্ট সারা দেশে একযোগে প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, কেন্দ্র সচিবসহ সর্বসাধারণের অবগতির জন্য এটি জানানো হলো। ফলাফল প্রাপ্তির বিস্তারিত নিয়মাবলি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা গত ২১ এপ্রিল শুরু হয়েছিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। অন্যদিকে, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল ও কারিগরি বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে সাধারণ ৯টি বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, দাখিল পরীক্ষার্থী ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার্থী ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে