প্রিন্ট এর তারিখ : ০৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত
||
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ আয়োজনের লক্ষ্যে জাতীয় স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী সেপ্টেম্বরে দেশব্যাপী এ টুর্নামেন্টের উদ্বোধন হওয়ার কথা রয়েছে।
সোমবার (৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিযোগিতার সার্বিক প্রস্তুতি, মাঠ ব্যবস্থাপনা, নিরাপত্তা, প্রচারণা ও প্রশাসনিক সমন্বয়সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় জানানো হয়, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেবে। আগামী সেপ্টেম্বর মাসে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
সভায় আরো জানানো হয়, শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রসার, প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং আনন্দময় শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ছেলে ও মেয়েদের অংশগ্রহণের সুযোগ রাখা হবে।
ড. এহছানুল হক মিলন বলেন, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহত্তম ক্রীড়া আয়োজন। এটি শিক্ষার্থীদের মেধা, মননশীলতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা ও দলগত মনোভাব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও যাতে সমান সুযোগ নিয়ে জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরতে পারে, সে লক্ষ্যেই এ আয়োজন করা হচ্ছে। এ সময় তিনি প্রতিযোগিতা আয়োজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সহযোগিতার জন্য সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের ধন্যবাদ জানান।
সভায় জানানো হয়, প্রতিযোগিতা উপলক্ষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং আহ্বান করা হয়েছে। এসব বিষয়ে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হবে।
সভায় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, দেশজুড়ে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করাই সরকারের লক্ষ্য।
তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা, মননশীলতা ও সৃজনশীলতার বিকাশে ক্রীড়া, সংস্কৃতি ও শিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে সারাবছর বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করবে। বাসস
কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে