প্রিন্ট এর তারিখ : ০৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬
বারবার চুরির কবলে রাঙ্গুনিয়ার বাঁচা শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক
মোহাম্মদ আব্বাস আলী চৌধুরী মুন্না , রাঙ্গুনিয়া প্রতিনিধি ||
নিজস্ব প্রতিবেদক, রাঙ্গুনিয়া:রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ পোমরা ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী পোমরা বাঁচা শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার (০৭ অক্টোবর ২০২৬) রাতের কোনো এক সময়ে সংঘবদ্ধ চোর চক্র বিদ্যালয়ের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এবং দুটি শ্রেণিকক্ষের তালা ভেঙে ৪টি মূল্যবান বৈদ্যুতিক পাখা চুরি করে নিয়ে যায়।এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা জানান, এর আগেও কিছুদিন আগে এই বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছিল। এমনকি বিগত রমজান মাসে দুর্বৃত্তরা বিদ্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার মতো নাশকতাও চালিয়েছিল। একের পর এক এমন ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।প্রশাসনের তাৎক্ষণিক পরিদর্শন ও আশ্বাস:বিদ্যালয়ে চুরির খবর পেয়ে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব নাজমুল হাসান দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিদ্যালয়টিতে সার্বিক সুরক্ষায় সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা দেন।তাঁর নির্দেশে পরবর্তীতে রাঙ্গুনিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লিপি রাণী গোপ, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বিকাশ ধর, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল মোহায়মেন এবং রাঙ্গুনিয়া উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মাস্টার মো. আব্বাস আলী চৌধুরী (মুন্না) ঘটনাস্থল পরিদর্শন করেন।এছাড়া, রাঙ্গুনিয়া থানার এসআই আলমগীরের নেতৃত্বে পুলিশের একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। এ সময় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোরালো আশ্বাস দেওয়া হয়।বারবার সরকারি এই শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা লঙ্ঘন ও চুরির ঘটনায় স্থানীয় সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং অতি দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিদ্যালয়ের স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে