প্রিন্ট এর তারিখ : ১৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬
কাপ্তাই সড়কের রাউজান পাহাড়তলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, চার লেনে উন্নীতকরণের জোর দাবি সাধারণ মানুষের
||
বিশেষ প্রতিনিধি:চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান পাহাড়তলী অংশে যানজট নিরসন ও সড়ক নিরাপত্তায় অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে জোর অভিযান শুরু হয়েছে। গত দুই দিন ধরে চলমান এই উচ্ছেদ কার্যক্রমে রাস্তার পাশে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ দোকান, অস্থায়ী শেড ও নানা অবকাঠামো গুড়িয়ে দেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসন ও সড়ক বিভাগের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ যাত্রী ও পথচারীরা।তবে কাপ্তাই সড়কের নিরাপত্তার স্থায়িত্ব নিয়ে ভিন্ন চিন্তার কথা তুলে ধরেছেন স্থানীয় অধিবাসীরা। সাধারণ মানুষের প্রবল দাবি—শুধু আংশিক উচ্ছেদ নয়, বরং রাঙ্গুনিয়া অংশসহ সমগ্র কাপ্তাই সড়ক জুড়ে অবৈধ স্থাপনা স্থায়ীভাবে অপসারণ করে সড়কটিকে চার লেনে উন্নীত করা হোক।স্থানীয়দের অভিমত, দিনে দিনে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে মানুষের চলাচল ও গাড়ির সংখ্যা বহুগুণ বেড়েছে। কিন্তু সে তুলনায় সড়কটি অত্যন্ত অপ্রশস্ত ও সংকীর্ণ। সংকীর্ণ সড়কের দুই পাশে অবৈধ দোকান ও বাজার বসায় প্রতিনিয়ত মারাত্মক যানজট ও বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। এর ফলে প্রতিদিনই ছোট-বড় সড়ক দুর্ঘটনা ঘটছে এবং অকালে ঝরে পড়ছে মূল্যবান প্রাণ, আহত হচ্ছেন বহু মানুষ।সচেতন মহলের মতে, কাপ্তাই সড়কটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও পর্যটন রুট। এই সড়ককে চার লেনে উন্নীত করা হলে এবং অবৈধ দখল সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হলে একদিকে যেমন দুর্ঘটনা ও প্রাণহানি কমবে, অন্যদিকে নিরাপদ ও সচল হবে সাধারণ মানুষের প্রতিদিনের যাতায়াত।
কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে