প্রিন্ট এর তারিখ : ১৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টের আগুনে নিহত বেড়ে ১০, ছয়জনই একই পরিবারের
||
কক্সবাজারের পাটোয়ারটেক এলাকার ইনানী বিচের কাছে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিহতদের মধ্যে একই পরিবারের ছয় জন রয়েছেন। এদিকে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও সাতজন।আজ (শনিবার, ১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে উখিয়া ফায়ার স্টেশনের দুই ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে সকাল ৮টা ১৫ মিনিটে।টুপটুপ রিসোর্টের ইনচার্জ মো. সুমন জানান, রিসোর্টের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।তিনি বলেন, ‘শর্টসার্কিট থেকে আগুন লাগার সঙ্গে সঙ্গে আমরা নেভানোর চেষ্টা করি। ততক্ষণে রিসোর্টের এসি ও সিলিন্ডার বিস্ফোরণ হয়ে পুরো রিসোর্টে আগুন ধরে যায়।’স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শনিবার সকাল ৭টার দিকে রিসোর্ট থেকে বিকট শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো রিসোর্টে ছড়িয়ে পড়ে।পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টটি কাঠের তৈরি। এতে মোট রুম ছিল ৯টি।এদিকে টুপটুপের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে