প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
ইংল্যান্ডে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘ব্রিটিশ মুসলিম এলায়েন্স’
মোহাম্মদ শফিউল আলম, নির্বাহী পরিচালক ||
লন্ডন, ১০ নভেম্বর ২০২৬: ইংল্যান্ডে সুন্নিয়ত ও সুফিবাদের আদর্শ প্রচার এবং বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে ইসলামের আধ্যাত্মিক চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সুফিবাদী সংগঠন ‘ব্রিটিশ মুসলিম এলায়েন্স’ (British Muslim Alliance—BMA)।গত ৭ নভেম্বর, শনিবার, লন্ডনের Mawlana Rumis Cave-এ আয়োজিত জিকির ও মিলাদ-মাহফিলের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলোচক এবং উক্ত সংগঠনের স্বপ্নদ্রষ্টা শায়খ সাইফুল আজম আল-আজহারী।প্রধান অতিথির বক্তব্যে শায়খ সাইফুল আজম আল-আজহারী ইংল্যান্ডের মাটিতে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আদর্শ ও সুন্নিয়তের প্রচার-প্রসারে এ ধরনের একটি সংগঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। বিশেষ করে প্রবাসে বেড়ে ওঠা তরুণ প্রজন্মের মাঝে সুন্নিয়তের সঠিক শিক্ষা, ইসলামী মূল্যবোধ, রাসুলপ্রেম ও আধ্যাত্মিক চেতনা ছড়িয়ে দিতে ব্রিটিশ মুসলিম এলায়েন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে ইসলামের আধ্যাত্মিক দর্শন, সুন্নিয়তের আদর্শ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও ভ্রাতৃত্বের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পরে মিলাদ ও কিয়াম, জিকির-আজকার এবং বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জনাব সাকিবুল হুদা, আবু সুফিয়ান জিলান, মোহাম্মদ আকবর আলী,শহিদুল ইসলাম ।অনুষ্ঠান পরিচালনা করেন শাহরুখ হোসেন তালুকদার উপস্থিত ছিলেন স্থানীয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা।আয়োজকদের প্রত্যাশা, ব্রিটিশ মুসলিম এলায়েন্স যুক্তরাজ্যে সুন্নিয়তের আদর্শ প্রচার, মুসলিম তরুণ প্রজন্মকে ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ করা এবং ঐক্য, ভ্রাতৃত্ব ও ইশকে রাসুলের চেতনায় একটি সুন্দর ও সুসংগঠিত কমিউনিটি গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।
কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে