প্রিন্ট এর তারিখ : ১৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬
হৃদয়ের সেঞ্চুরিতে দিনটা বাংলাদেশের, অপেক্ষায় লিটনও
||
বলটা ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টের সীমানার দড়ি স্পর্শ করা মাত্রই তাওহীদ হৃদয় হেলমেটটা খুললেন। দর্শকদের অভিনন্দনের যখন জবাব দিচ্ছিলেন, তখন ডাগআউট থেকে ভেসে আসতে থাকে করতালি। উপলক্ষ্যটা যে হৃদয়ের সেঞ্চুরির, সেটা অনেকেই বুঝে গেছেন। তিন অঙ্ক ছোঁয়ার পর ওয়ান্ডারার্সের ঘাসে দিলেন সিজদা। তাতে করে টানা দুই টেস্টে সেঞ্চুরি তুলে নিলেন হৃদয়।
জোহানেসবার্গে আজ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের প্রথম দিনের শুরু-শেষের মধ্যে দারুণ এক মিল দেখা গেছে। একেবারে ইনিংসের প্রথম বলেও উইকেট হারিয়েছে বাংলাদেশ। সফরকারীদের উইকেট পড়েছে শেষ বলেও। ১৩৭ রানের ইনিংস খেলে হৃদয় যখন ড্রেসিংরুমে ফিরতে থাকেন, তখন ডাগআউট থেকে ভেসে আসতে থাকে করতালি। সিলেটে কদিন আগে ২৪২ রানের অপরাজিত ইনিংস খেলার পর এবার হৃদয়ের সেঞ্চুরিও কম তাৎপর্যপূর্ণ নয়। মুড়ি-মুড়কির মতো উইকেট পড়ার মধ্যেই ষষ্ঠ উইকেটে লিটন দাসের সঙ্গে ২০৬ রানের জুটি গড়েছেন হৃদয়।
হৃদয়ের আউটের পর ড্রেসিংরুমের পথে হাঁটা দেন লিটনও। লিটনের অবশ্য উইকেট পড়েনি। ৮৪ ওভারে ৬ উইকেটে ৩২৭ রানে প্রথম দিনের খেলা শেষ করে বাংলাদেশ। লিটন তাঁর অষ্টম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করা থেকে কেবল ৮ রান দূরে আছেন। ১৩৮ বল খেলে করেন ৯২ রান। দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা নিয়েছেন ৫ উইকেট। অপর উইকেট নিয়েছেন মার্কো ইয়ানসেন।
দক্ষিণ আফ্রিকার আগুনে বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখছেন সফরকারী ব্যাটাররা। স্বাগতিক পেসাররা এমনভাবে বোলিং করছেন, যাতে কমপক্ষে ৩-৪ ফিল্ডার থাকেন। সেই ফাঁদেই পা দিয়ে উইকেট হারিয়েছেন মাহফিজুল ইসলাম রবিন-মুমিনুল হকরা। যেখানে ইনিংসের প্রথম বলেই রবিনের উইকেট হারায় বাংলাদেশ। কাগিসো রাবাদার বলে খোঁচা দিতে গিয়ে গালিতে দাঁড়িয়ে থাকা মার্কো ইয়ানসেনের হাতে ক্যাচ তুলে দিয়েছেন রবিন। আর রাবাদার নতুন কোনো ওভারে উইকেট পাওয়া একরকম ‘ট্রেন্ড’ হয়ে গিয়েছিল। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে মুমিনুলকে ফেরান রাবাদা। উইকেটরক্ষক রায়ান রিকেলটন ক্যাচ ধরেছেন। মুমিনুল সাত বল খেলেও রানের খাতা খুলতে পারেননি।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভালো কিছু করার আভাস দিয়েও ১২ রান করে বিদায় নিয়েছেন। ২২ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ৯৯ রানের জুটি গড়েন তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়। যদিও জুটি গড়ার সময় খুব একটা স্বস্তিতে ছিলেন না কেউই। তখনো ব্যাটের কানা ছুঁয়ে বল স্লিপ-গালির মাঝখান দিয়ে বেরিয়ে যেতে থাকে। কয়েকবার তো উইকেট পড়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল।
৬৭ রান করা তামিমকে বোল্ড করে জুটি ভাঙেন রাবাদা। বাংলাদেশের এই ওপেনারের পর রাবাদা ফিরিয়েছেন মুশফিকুর রহিমকেও। ১০৮ টেস্টের অভিজ্ঞতাসম্পন্ন মুশফিক মেরেছেন গোল্ডেন ডাক। তাতে টেস্টে ১৮বারের মতো ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। ১২১ রানে ৫ উইকেট পড়ার পর ব্যাটিংয়ে নামেন লিটন। লিটন-হৃদয় সাবলীলভাবে খেলতে থাকেন। একটা সময় মনে হচ্ছিল হৃদয়ের আগে লিটন সেঞ্চুরি করে ফেলবেন। তবে সেটা না হয়ে হৃদয়ের ব্যাট থেকেই এসেছে সেঞ্চুরি। ৮৪তম ওভারের শেষ বলে হৃদয়কে এলবিডব্লু করেন ইয়ানসেন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। উল্টো রিভিউ নষ্ট হয়েছে।
কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে