কক্সবাজারের রামুতে ডাকাতদলের লুকিয়ে রাখা ৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব-১৫
কক্সবাজারের রামু উপজেলায় অভিযান চালিয়ে তিনটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও তিনটি ধারালো দেশীয় অস্ত্র (দা) উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।আজ বুধবার (২৯ জুলাই) সকালে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের থোয়াইংগাকাটা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত এসব অস্ত্র সংঘবদ্ধ ডাকাতচক্র ডাকাতির প্রস্তুতির জন্য বিশেষ কৌশলে লুকিয়ে রেখেছিলো। অভিযান চলাকালে মো. শাহজাহান নামে এক ব্যক্তির বসতবাড়ির উত্তর পাশে পুকুরসংলগ্ন একটি ফাঁকা স্থান থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।তিনি আরও বলেন, উদ্ধার করা অস্ত্রগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।