রোববার, ১৫ নভেম্বর ২০২৬
চিটাগাং টুডে

অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব আয়োজন করবে বাংলাদেশ

দীর্ঘ ১২৮ বছর পর অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত হবে ক্রিকেটের ম্যাচ। ঐতিহাসিক এই আসরের পুরুষ বিভাগের বাছাইপর্ব আয়োজনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। আগামী ৫ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে বাছাইপর্বের ম্যাচগুলো। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সিদ্ধান্ত অনুযায়ী, অলিম্পিকের পুরুষ ও নারী—উভয় বিভাগে অংশ নেবে ছয়টি করে দল। আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে বিভিন্ন মহাদেশের শীর্ষ চার দল সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ পাবে। স্বাগতিক যুক্তরাষ্ট্রও সরাসরি অংশ নেবে। বাকি একটি জায়গার জন্য লড়াই হবে বাছাইপর্বে। বাংলাদেশে অনুষ্ঠিতব্য পুরুষদের বাছাইপর্বে অংশ নেবে আটটি দল। দলগুলোকে চারটি করে দুটি গ্রুপে ভাগ করা হবে। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল ফাইনালে মুখোমুখি হবে। ফাইনালে জয়ী দল নিশ্চিত করবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের টিকিট। আয়োজক হওয়ার পাশাপাশি এই বাছাইপর্বে অংশ নেবে বাংলাদেশও। অন্যদিকে নারীদের অলিম্পিক বাছাইপর্ব অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। ২০২৮ সালের ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে ৫ মার্চ শেষ হবে এই প্রতিযোগিতা। উল্লেখ্য, ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে সর্বশেষ ক্রিকেট অনুষ্ঠিত হয়েছিল। সেবার গ্রেট ব্রিটেন ও ফ্রান্স—মাত্র দুটি দল অংশ নিয়েছিল। দীর্ঘ বিরতির পর ২০২৮ সালে ছয় দলের প্রতিযোগিতার মধ্য দিয়ে আবারও অলিম্পিকের মঞ্চে ফিরছে ক্রিকেট। সূত্র: আইসিসি

অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব আয়োজন করবে বাংলাদেশ