কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকায় ‘ঢাকা হোটেল’ নামে একটি আবাসিক হোটেল থেকে আতাউল কবির নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আবাসিক হোটেলটির ৪০১ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আতাউল কবিরের গ্রামের বাড়ি পিরোজপুর নেছারাবাদ এলাকায়। তিনি টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে আতাউল কবির একাই হোটেলে গিয়ে ওই কক্ষে ওঠেন। শুক্রবার সকাল ১১টার দিকে হোটেল কর্মীরা কক্ষের দরজায় টোকা দিলেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাননি। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ গিয়ে দরজা খুলে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে তার ব্যাগ, কাপড়চোপড় ও প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধার করেছে। হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নুরুল আবছার আতাউল কবিরের সেখানে কর্মরত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।