চট্টগ্রাম    মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
চিটাগাং টুডে

থাইল্যান্ডে দুর্ঘটনায় আহত খায়রুল বাসার

থাইল্যান্ডে নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেতা খায়রুল বাসার। একই ঘটনায় আহত হয়েছেন নাটকের চিত্রগ্রাহক মেহেদী রনিও। বর্তমানে দুজনই চিকিৎসার জন্য হাসপাতালে রয়েছেন। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার পর থাইল্যান্ডের কোলান দ্বীপে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, একটি নাটকের দৃশ্য ধারণ শেষে পাহাড়ি এলাকা থেকে স্কুটিতে করে নিচে নামার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তারা। দুর্ঘটনার সময় স্কুটিটি চালাচ্ছিলেন চিত্রগ্রাহক মেহেদী রনি। দুর্ঘটনার পর শুটিং দলের অন্য সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। পরে আহত দুজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন খায়রুল বাসার জানান, নাটকের শুটিংয়ের জন্য তারা থাইল্যান্ডে গেছেন। কাজও পরিকল্পনা অনুযায়ী চলছিল। কোলান দ্বীপে একটি দৃশ্যের শুটিংয়ের অংশ হিসেবে পাহাড়ের ওপর অবস্থান করছিলেন তারা। শুটিং শেষ করে ফেরার পথেই ঘটে বিপত্তি। দুর্ঘটনায় নিজের আঘাতের বিষয়ে অভিনেতা জানান, তাঁর বুকে ও হাঁটুতে আঘাত লেগেছে। হাঁটাচলাতেও বেশ সমস্যা হচ্ছে। চিকিৎসার জন্য বর্তমানে পাতায়ায় অবস্থান করছেন তিনি। দুর্ঘটনার পর নাটকের শুটিং সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। মেহেদী রনির আঘাত তুলনামূলকভাবে বেশি গুরুতর বলে জানিয়েছেন খায়রুল বাসার। দুর্ঘটনায় তাঁর শরীরের বিভিন্ন অংশ ছিঁড়ে গেছে। জানা গেছে, থাইল্যান্ডে একাধিক নাটকের শুটিংয়ের পরিকল্পনা নিয়ে গিয়েছিলেন খায়রুল বাসার। ঈদের পর দীর্ঘ বিরতি শেষে বিদেশের শুটিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। দুর্ঘটনার কারণে আপাতত সব কাজ স্থগিত রাখতে হয়েছে। চিকিৎসা শেষে বিশ্রাম নিয়ে শারীরিক অবস্থা পর্যালোচনা করা হবে। এরপরই থাইল্যান্ডের বাকি শুটিং কবে শুরু হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

থাইল্যান্ডে দুর্ঘটনায় আহত খায়রুল বাসার