হাটহাজারীতে যুবককে ধাওয়া করে গুলি
চট্টগ্রামের হাটহাজারীতে আরাফাত (২৫) নামে এক যুবককে ধাওয়া করে গুলি ছোড়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। গুলিতে আহত যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুর ২টার দিকে হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের বড়ুয়াপাড়ায় এ গুলির ঘটনা ঘটে। গুলিতে আহত আরাফাত (২৫) বুড়িশ্চর ইউনিয়নের আব্দুর রশিদ টেন্ডলের বাড়ির বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোস্তাক আহমেদ চৌধুরী। গুলির ঘটনায় পুলিশ তদন্ত করছে বলে তিনি জানান।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মদুনাঘাট বাজার থেকে এক যুবক দৌড়াতে শুরু করে। পরে দেখা যায় ৩/৪ জন অস্ত্রধারী আরাফাতকে ধাওয়া করে। প্রায় আধা কিলোমিটার দূরে বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় তাকে গুলি করে অস্ত্রধারীরা পালিয়ে যায়। গুলির শব্দে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, দক্ষিণ মাদার্শার আরাফাত নামের এক যুবককে গুলি করার খবর পেয়েছি। আহত যুবক বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।