শুধু মানুষ নয়, প্রকৃত মানুষ হতে হবে: কায়সার কামাল
শিক্ষার্থীদের উদ্দেশে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ‘শুধু মানুষ হলে হবে না, প্রকৃত মানুষ হতে হবে। সততাকে জীবনের আদর্শ হিসেবে গড়ে তুলতে হবে। তোমরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে।’
শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে ইবতেদায়ী পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি, জুনিয়র বৃত্তি এবং এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘তোমাদের ওপর শুধু কলমাকান্দা-দুর্গাপুরের ভবিষ্যৎ নয়, আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে। ভালোভাবে পড়াশোনা করলে তোমরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে।’
শিক্ষার্থীদের দেশপ্রেমের পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শুধু দেশপ্রেম নয়, নিজের প্রতি, বাবা-মায়ের প্রতি, পরিবারের প্রতি, সমাজের প্রতি, গ্রামের প্রতি এবং রাষ্ট্রের প্রতি ভালোবাসা থাকতে হবে। সেই ভালোবাসাকে জাগ্রত করতে হবে।’
কৃতী শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের অবদানের কথা উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, ‘তোমাদের এই কৃতিত্বের পেছনে সম্মানিত শিক্ষক-শিক্ষিকাম-লী এবং বাবা-মায়ের বড় অবদান রয়েছে।’
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনার যদি দুই বা তিনজন সন্তান থাকে, তাহলে আজ যে সন্তানকে কৃতিত্ববান করেছেন, অন্য সন্তানদের প্রতিও একইভাবে নজর দিন। তারাও যেন ভালোভাবে পড়াশোনা করে ভালো ফলাফল করতে পারে।’
শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে কায়সার কামাল বলেন, ‘আমরা চাই আমাদের সন্তানরা প্রযুক্তির সঙ্গে পরিচিত হোক। কিন্তু কতটুকু প্রযুক্তি ব্যবহারের সুযোগ দেওয়া হবে, সেটা বাবা-মাকেই নির্ধারণ করতে হবে। তথ্যের অবাধ প্রবাহের এই সময়ে মোবাইল ফোন কখনো কখনো সন্তানের বিপথে যাওয়ার অন্যতম মাধ্যম হয়ে দাঁড়ায়।’
নিজের ছেলের পড়াশোনার উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘আমি চেষ্টা করেছি আমার ছেলের জীবনে মোবাইলও থাকবে, একই সঙ্গে বইও থাকবে। তার লাইব্রেরিতে অসংখ্য বই আছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়ে তাকে বড় বড় লাইব্রেরিতে নিয়ে গেছি। তার পছন্দমতো বই কিনেছে এবং পড়েছে।’
তিনি বলেন, ‘পড়াশোনার অভ্যাস যতক্ষণ পর্যন্ত তৈরি হবে না, ততক্ষণ জ্ঞানের ভান্ডার সম্প্রসারিত হবে না। জীবন একটাই। এই জীবনকে গড়ে তোলার প্রকৃষ্ট সময় অষ্টম ও দশম শ্রেণি।’