বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
চিটাগাং টুডে

বিপিএলের শেষ দুই আসরে বিসিবি’র ক্ষতি ৪০ কোটি টাকা: তামিম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আরেক নাম বিতর্ক। প্রতিটি আসরই ছিল নানান সমস্যায় জর্জরিত। জোড়াতালির বিপিএল আর আয়োজন করতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শেষ দুই বিপিএল আয়োজন করে ৪০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।  বৃহস্পতিবার (২০ আগস্ট) মিরপুরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দলকে নিয়ে গেম ডেভেলপমেন্ট ট্রফির আনুষ্ঠানিক ঘোষণা দিতে এসে বিপিএল নিয়েও কথা বলেন তামিম। তিনি বলেন,  ‘বিপিএলের শেষ দুই আসরে ৪০ কোটি টাকা ক্ষতি হয়েছে বিসিবি’র। তাই যে টুর্নামেন্টে আমার ২০ কোটি টাকা ক্ষতি হবে, সেই টুর্নামেন্ট আমার প্রায়ারোটি লিস্টে নাই এই মুহূর্তে।’ সঠিকভাবে বিপিএল আয়োজন করতে চান তামিম। অন্যথায় বিপিএলই আয়োজন করবেন না জানিয়ে বিসিবি প্রধান বলেন, ‘আমি এখনও বিশ্বাস করি বিপিএল খুবই ভালো প্রোডাক্ট। বিপিএল নিয়ে প্রচুর আগ্রহ আছে, মানুষ খেলা দেখতে আসে। বিপিএল সঠিকভাবে আয়োজন করলে আগ্রহটা আরও বাড়ানো সম্ভব। এজন্য যদি ১২, ১৮, ২৪ মাসও সময় লাগে লাগুক। আয়োজন করলে ঠিকঠাকভাবে করবো। তা না হলে আমি এটা করবো না।’ বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি আসার সম্ভাবনা নিয়ে তামিম বলেন, ‘আমাদের দেশের নিয়মকানুন, দেশের পলিসি তাদের পক্ষে যায় কি না ওই জিনিসগুলো বসে আমাদের ক্লিয়ার ধারণা পেতে হবে। আমরা অ্যাপ্রোচ করতে পারি, কিন্তু কোনো একটা পলিসির কারণে যদি সম্ভব না হয়, তাহলে এটা হবে না।’

বিপিএলের শেষ দুই আসরে বিসিবি’র ক্ষতি ৪০ কোটি টাকা: তামিম