পুলিশ দেখে দৌড়ে পালাতে গিয়ে খালে পড়ে কলেজছাত্রের মৃত্যু
নেত্রকোনায় টহলরত জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যদের দেখে দৌড়ে পালানোর সময় খালের পানিতে পড়ে সাব্বির শেখ (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার হরিখালি খালে এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির শেখ নেত্রকোনা শহরের মেছুয়া বাজারের ব্যবসায়ী নাদিম শেখের ছেলে। তিনি নেত্রকোনা আবু আব্বাস ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের নয় সদস্যের একটি দল মোটরসাইকেলে করে যাচ্ছিল। দলের নেতৃত্বে ছিলেন ডিবির (পশ্চিম) উপপরিদর্শক (এসআই) রাজন মিয়া। হরিখালি খালের কাছে পৌঁছালে সাব্বিরসহ কয়েকজন যুবক দূর থেকে পুলিশকে দেখে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তারা পাশের খালে লাফিয়ে পড়েন। অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও সাব্বির পানিতে ডুবে যান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সড়কের পাশে নিয়ে এলে ডিবি পুলিশের সদস্যরা দ্রুত নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মাজহারুল আমিন মাজু জানান, বিকেল সাড়ে ৪টার দিকে সাব্বিরকে হাসপাতালে আনা হয়। ইসিজি পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তার কাপড়চোপড় ভেজা ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
নিহতের বোন পূর্ণিমা আক্তার জানান, সাব্বির নিয়মিত বাবার দোকানে বসতেন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে তিনি এক বন্ধুর সঙ্গে বের হন। পরে তারা জানতে পারেন, ডিবি পুলিশকে দেখে দৌড়ে পালানোর সময় তিনি পানিতে পড়ে মারা গেছেন। সাব্বির সাঁতার জানতেন না। তিনি দাবি করেন, সাব্বির কোনো মামলার আসামি ছিলেন না এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত ছিলেন না। ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
এ বিষয়ে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম বলেন, যুবকরা পুলিশকে দেখে কেন দৌড়ে পালিয়েছিল, তারা কোনো মাদকসংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত ছিল কি না এবং কীভাবে সাব্বির পানিতে পড়ে মারা গেলেন সব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।