বেসরকারি প্রাথমিক ও ইংরেজি মাধ্যম স্কুল আসছে সরকারের তদারকিতে: ববি হাজ্জাজ
দেশের সব বেসরকারি প্রাথমিক ও ইংরেজি মাধ্যমের স্কুলগুলো সরকারি তদারকির আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। পাশাপাশি মন্ত্রণালয়ের নিবন্ধন ছাড়া কোনো কিন্ডারগার্টেন বা প্রাথমিক বিদ্যালয় তাদের কার্যক্রম শুরু করতে পারবে না বলেও জানিয়েছেন তিনি।
চট্টগ্রামের টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে আজ বুধবার বিকেলে এক প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের এ কথা বলেন ববি হাজ্জাজ। প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ববি হাজ্জাজ বলেন, সব বেসরকারি বিদ্যালয়, কিন্ডারগার্টেন, ইংরেজি মাধ্যম বিদ্যালয় ও যত বেসরকারি বিদ্যালয় আছে, সবগুলো আগামীতে অধিদপ্তরের তদারকি ব্যবস্থার আওতায় আনা হবে। এ ছাড়া মন্ত্রণালয়ের রেজিস্ট্রেশন ছাড়া কোনো কিন্ডারগার্টেন বা প্রাথমিক বিদ্যালয় তাদের কার্যক্রম শুরু করতে পারবে না।
রেজিস্ট্রেশনবিহীন কার্যক্রম পরিচালনা করলে সেগুলোকে বন্ধ করে দেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ ক্ষেত্রে নিবন্ধন প্রক্রিয়া যাতে আরও সহজ করা যায় সে বিষয়েও কাজ চলছে। তিনি আরও বলেন, ‘বেসরকারি খাতে কেউ তার বাড়ির গ্যারেজে বা দোতলায়-তিনতলায় হঠাৎ করে একটা স্কুল খুলতে পারবে না। স্কুলগুলো নীতিমালা মানছে কি না, ক্লাসরুমের সাইজ কত বড়, খেলার জায়গা কতখানি, এগুলো অনুসরণ হচ্ছে কি না সেটা আমাদের যারা তদারকি কর্মকর্তা আছেন, তাঁরা দেখভাল করবেন।’
প্রতিমন্ত্রী বলেন, ‘এ তদারকির আওতায় স্কুলগুলোতে কোন বই পড়ানো হচ্ছে, শিক্ষাক্রমের অন্তর্ভুক্ত কী আছে, কী নেই, কোন মানের শিক্ষকদের নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের প্রশিক্ষণ আছে কি না...বলতে পারেন আমাদের সরকার প্রতিজ্ঞাবদ্ধ যে প্রশিক্ষণ নেই এমন কোনো শিক্ষক আমরা ক্লাসরুমে দেখতে চাই না।’