কানাডাকে ৩-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো।
ম্যাচের শুরুতে মরক্কো শিবিরে ধাক্কা লাগে। ২২ মিনিটে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন দলটির আক্রমণের সেরা ভরসা ইসমাইল সাইবারি। ওই ধাক্কা সামলে কানাডার বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে আফ্রিকার দল মরক্কো। টুর্নামেন্টের প্রথম দল হিসেবে নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল।
শনিবার যুক্তরাষ্ট্রের হিউস্টনে শুরু হওয়া ম্যাচে বলের দখল, আক্রমণে শুরু থেকে মরক্কোর সঙ্গে পাল্লা দিয়ে খেলেছে কানাডা। বিশ্বকাপে প্রথমবার গ্রুপ ম্যাচ জয়ের পর নকআউট পর্বে এসে ইতিহাস গড়েছিল তারা। শেষ ষোলোর ম্যাচ খেলা ছিল বাড়তি পাওনা। ওই লড়াইয়ে প্রথমার্ধে গোল শূন্য সমতা রাখে বিশ্বকাপের স্বাগতিক দেশটি।
কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে লিড তুলে নেয় কাতার বিশ্বকাপে সেমিফাইনাল খেলে চমক দেওয়া মরক্কো। ম্যাচের ৫০ মিনিটে গোল করেন জিরোনায় খেলা মরক্কোর ২৬ বছর বয়সী মিডফিল্ডার আজ্জেদিন ওউনাহি। সেট পিস থেকে বক্সের বাহির ফাঁকা দাঁড়িয়ে থাকা ওউনাহিকে বল পাঠান আশরাফ হাকিমি। মাটি কামড়ে জোরের ওপর নেওয়া ওই শট চলে যায় কানাডার জালে।