বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
চিটাগাং টুডে

বড় জয়ে বছর শেষ ব্রাজিলের

জার্মানির বিপক্ষে সেই স্মৃতিজাগানিয়া ৭-১ হার থেকে ফেরা ‘সেভেন আপ’ যেন এবার ভিন্ন রূপে দেখল ফুটবল বিশ্ব। গতকাল সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচে স্বাগতিকদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করে ৭-০ গোলের বড় জয় তুলে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেওয়া ব্রাজিলের হয়ে দ্যুতি ছড়িয়েছেন ভিনিসাস জুনিয়র। মাত্র ১২ মিনিটের ঝড়ে হ্যাটট্রিক তুলে নেন এই রিয়াল মাদ্রিদ তারকা (৯ম, ১৫তম ও ২১তম মিনিট)। জাতীয় দলের হয়ে আগে যেটা করে দেখাতে পারেননি, এবার তাই করলেন ভিনিসাস। ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সিতে পেলেন প্রথম হ্যাটট্রিকের স্বাদ। আন্তর্জাতিক ফুটবলে ৫৯ ম্যাচে ভিনিসিউসের গোল হলো ১৯টি। এর ১০টিই তিনি করলেন গত বিশ্বকাপ থেকে, ১০ ম্যাচে। ভিনিসাসের গোল উৎসবের পর স্কোরশিটে নাম লেখান এন্দ্রিক (৩১তম মিনিট) ও এস্তেভোঁ (৫০তম মিনিট)। ম্যাচের ৬৫তম মিনিটে গোল করেন রায়ান। আর ৭৪তম মিনিটে সিঙ্গাপুরের ডিফেন্ডার রাউল সোহাইমির আত্মঘাতী গোলে ৭-০ ব্যবধানের বিশাল জয় নিশ্চিত হয়। শক্তিমত্তায় যোজন যোজন পিছিয়ে থাকা সিঙ্গাপুরকে পাত্তাই দেয়নি সেলেকাওরা। মাঠজুড়ে আধিপত্য দেখিয়ে এবং দারুণ সব গোলের ফুলঝুরি ফুটিয়ে সমালোচকদের সমালোচনার মোক্ষম জবাব দিয়ে বছরের শেষ ম্যাচটি স্মরণীয় করে রাখল আনচেলত্তির দল।

বড় জয়ে বছর শেষ ব্রাজিলের