শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
চিটাগাং টুডে

হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর

হাঁসের প্রাণঘাতী ডাক প্লেগ রোগ প্রতিরোধে টিকা উদ্ভাবন ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এর গবেষণা ক্যাটাগরিতে রৌপ্যপদক অর্জন করেছেন তিনি। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর হাতে এ পদক তুলে দেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অধ্যাপক ড. বাহানুর রহমান বাকৃবির ভেটেরিনারি অনুষদের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের শিক্ষক। হাঁসের প্রাণঘাতী ডাক প্লেগ রোগ প্রতিরোধে টিকা উদ্ভাবনবিষয়ক তাঁর গবেষণা দেশের প্রাণিসম্পদ খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এদিকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশসেরা গুণী শিক্ষক হিসেবেও সরকারি সম্মাননা পেয়েছেন তিনি। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে মোট ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বর্ণ ও রৌপ্যপদক দেওয়া হয়। ভবিষ্যৎ গবেষণার পরিকল্পনা সম্পর্কে অধ্যাপক ড. বাহানুর রহমান বলেন, প্রাণিদেহে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) বা জীবাণুর ওষুধ-প্রতিরোধী হয়ে ওঠা বর্তমানে প্রাণিসম্পদ খাতের অন্যতম বড় চ্যালেঞ্জ। এটি প্রাণিসম্পদ পণ্যের রপ্তানি সম্ভাবনার পাশাপাশি মানবস্বাস্থ্যের জন্যও হুমকি তৈরি করছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় আরও কার্যকর ও বহুমুখী টিকা উদ্ভাবন এবং উৎপাদনের ওপর গুরুত্ব দিতে চান তিনি। অধ্যাপক বলেন, কার্যকর টিকাদান ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে প্রাণীর চিকিৎসায় ওষুধের ব্যবহার ও শারীরিক চাপ কমানো সম্ভব। এতে প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি ডিম, দুধ ও মাংসের উৎপাদনও বাড়বে। প্রাণীর মৃত্যুহার কমানো এবং খামারিদের জন্য প্রাণিসম্পদ খাতকে আরও লাভজনক করে তোলাই তাঁর গবেষণার অন্যতম লক্ষ্য বলে জানান অধ্যাপক বাহানুর রহমান।

হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর