রোববার, ১৫ নভেম্বর ২০২৬
চিটাগাং টুডে

সাদাপাথর ঘিরে নতুন পর্যটন পরিকল্পনা

কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সিলেটে প্রবাসীদের মালিকানাধীন অনাবাদি ও পতিত জমি চাষের আওতায় আনার উদ্যোগ নিচ্ছে জেলা প্রশাসন। পাশাপাশি কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রকে ঘিরেও নেওয়া হচ্ছে নতুন পরিকল্পনা। রোববার (১৫ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সিলেট জেলা উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এ তথ্য জানান জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে গুণগতমান বজায় রেখে শেষ করতে হবে এবং প্রকল্প বাস্তবায়নের প্রতিবন্ধকতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত দূর করতে হবে। সভায় পর্যটনের উন্নয়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে—সাদাপাথর পর্যটনকেন্দ্র সংলগ্ন বাংলাদেশ রেলওয়ের বাংকার এলাকাটি পর্যটন স্পট হিসেবে ব্যবহারের অনুমতি চেয়ে চিঠি পাঠানো, ভোলাগঞ্জ স্থলবন্দরের বিপরীত পাশে পর্যটন তথ্যকেন্দ্র স্থাপনের জন্য প্রস্তাবিত প্রায় ৩৬ একর জমিতে পাকা সীমানাপ্রাচীর নির্মাণ এবং সাদাপাথর সংলগ্ন খাসজমিতে গড়ে ওঠা দোকানপাট সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনা। এছাড়া ওই এলাকার প্রতিটি রেস্তোরাঁ থেকে মাসিক পাঁচ হাজার টাকা, প্রসাধনীর দোকান থেকে দুই হাজার টাকা এবং অন্যান্য দোকান থেকে দেড় হাজার টাকা হারে ভাড়া আদায়ের সিদ্ধান্ত হয়। আদায় করা অর্থ উপজেলা পর্যটন উন্নয়ন তহবিলের ব্যাংক হিসাবে জমা দিতে হবে। সভায় খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় জানায়, সিলেট জেলায় ২০২৬ সালের অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ ১৪ নভেম্বর থেকে শুরু হয়েছে এবং আগামী ১ ডিসেম্বর থেকে চাল সংগ্রহ শুরু হবে। এ সময় জেলা প্রশাসক রোপা আমন ধানের শতভাগ কাটা নিশ্চিত করার পাশাপাশি প্রবাসীদের পতিত জমি আবাদের আওতায় আনতে সরকারি নিবন্ধিত কৃষক ও সমবায় সংগঠনগুলোকে সম্পৃক্ত করার সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ দেন। এছাড়া সরকারি দপ্তরগুলোর মধ্যে যোগাযোগ জোরদারে সব দপ্তরপ্রধানকে দাপ্তরিক কাজে ব্যক্তিগত ই-মেইলের পরিবর্তে দাপ্তরিক ই-মেইল ও মোবাইল ফোন নম্বর ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি অগ্নিকাণ্ডের ঝুঁকি বিবেচনায় ফায়ার সার্ভিসের জরুরি সেবা দ্রুত মানুষের কাছে পৌঁছে দিতে ‘১০২’ হটলাইন চালুর বিষয়টি সভায় তুলে ধরা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানার সঞ্চালনায় সভায় সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মনজুরুল আলম ও সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাদাপাথর ঘিরে নতুন পর্যটন পরিকল্পনা