বিমান টিকিট সিন্ডিকেট দমনে আইএটিএর সহযোগিতা চায় সরকার
বিমান টিকিট সিন্ডিকেট দমন, বিমান পরিবহন খাতের সক্ষমতা বৃদ্ধি এবং বাংলাদেশ এয়ারলাইন্স টেকনিক্যাল সেন্টারকে (বিএটিসি) আন্তর্জাতিক মানে উন্নীতকরণে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) কারিগরি সহযোগিতা চেয়েছে সরকার।
সেই সঙ্গে দেশের পর্যটন খাতের উন্নয়ন ও আন্তর্জাতিক আকাশ যোগাযোগ সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে বলেও সমকালকে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম।
সোমবার বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আইএটিএর আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট শেজডন হি।
বৈঠকে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন আইএটিএর আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট। একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আওতাধীন বিএটিসিকে আন্তর্জাতিক মানসম্পন্ন ও আধুনিক প্রতিষ্ঠানে রূপান্তরে কারিগরি সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে মন্ত্রী আফরোজা খানম বলেন, ‘বিমান খাতে যেকোনো সিন্ডিকেটের বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এজন্য আইএটিএর কারিগরি সহযোগিতা গুরুত্বপূর্ণ।’
প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘বেসামরিক বিমান চলাচল অধ্যাদেশে কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে পৃথক ধারা সংযোজন করা হয়েছে। টেকসই এভিয়েশন ফুয়েল নিশ্চিত করতেও সরকার কাজ করছে।’ তিনি আরও বলেন, ‘আকাশপথে অপরাধ দমনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’