এনসিপির ৬ এমপির সংখ্যা আগামী দিনে ১৬০ হবে: হাসনাত আবদুল্লাহ
জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়তে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘আমরা বর্তমানে সংসদে ছয়জন এমপি নিয়ে জনগণের প্রতিনিধিত্ব করছি। আগামী দিনে সেই সংখ্যা ১৬০-এ উন্নীত হবে, ইনশা আল্লাহ।’
মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা ৭টায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার ডাকবাংলো মোড়ে তিনি এসব কথা বলেন। সেখানে এনসিপি আয়োজিত ‘জুলাই জনসভা ও পদযাত্রা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও জনগণের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে এনসিপি গণভোটের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে এনসিপি কাজ করে যাবে বলেও বক্তব্যে তিনি উল্লেখ করেন।
এনসিপি ফকিরহাট উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও জাতীয় নারী শক্তির সদস্যসচিব মাহমুদা আলম মিতু (এমপি), যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন রনি, যুগ্ম আহ্বায়ক জুনায়েদ আহমেদ রাফি, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ আহসান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, বাগেরহাট জেলা এনসিপির আহ্বায়ক মোর্শেদ আনোয়ার সোহেল, সদস্যসচিব লাবিব আহমদ প্রমুখ।
এ সময় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ফকিরহাট উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে এনসিপি থেকে বাগেরহাট জেলা এনসিপির সদস্যসচিব লাবিব আহমদের নাম ঘোষণা করা হয়।
বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, জনগণের অংশগ্রহণ বৃদ্ধি এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিদ্যুৎ-সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধিসহ বিভিন্ন দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।